Message From Principal

শুভেচ্ছা বার্তা: 

শিক্ষা মানুষের ভেতরের ঘুমন্ত সত্তাকে জাগ্রত করে। শিক্ষার মূল উদ্দেশ্য কেবল জিপিএ-৫ অর্জন করা নয় বরং আলোকিত মানুষ হওয়া। ঐতিহ্যবাহী নরসিংদী সরকারি কলেজ গুণগত শিক্ষা ও সহায়ক পরিবেশ সুনিশ্চিত করে এ অঞ্চলে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।

শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করার লক্ষ্যে কলেজে প্রত্যহ সকালে জাতীয় সংগীত পরিবেশন ও শপথ পাঠ করার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। দেশপ্রেমের পাশাপাশি শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, শিষ্টাচার, চরিত্র গঠন ও সময়ানুবর্তিতা শিক্ষার প্রতি সমান গুরুত্ব আরোপ করা হয়।

জেন-জি (Zen-G) প্রজন্ম আজ তথ্য প্রযুক্তি, সৃজনশীলতা ও সচেতন বিধায় এ প্রজন্মকে সঠিকভাবে বেড়ে উঠার জন্য কলেজের প্রতিটি শ্রেণিকক্ষে আধুনিক প্রযুক্তির স্মার্টবোর্ড ও প্রজেক্টর এর মাধ্যমে পাঠদান করা হয়। নিয়মিত শ্রেণি কার্যক্রমের ফাঁকে ফাঁকে সময়ের সর্বোত্তম ব্যবহারের জন্য কলেজ লাইব্রেরির আধুনিকায়ন, সৌন্দর্যবর্ধনসহ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে উন্নীত করা হয়েছে।

তাছাড়া ক্রীড়া, শিল্প-সাহিত্য, সংস্কৃতি চর্চা ছাড়াও বিএনসিসি, রোভার স্কাউট, যুব রেড ক্রিসেন্ট, রেঞ্জার, ডিবেটিং সোসাইটি, বাঁধন, ল্যাঙ্গুয়েজ ক্লাব এর সদস্য হয়ে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এর সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য রয়েছে আবাসন ও পরিবহণ ব্যবস্থা।

বর্তমানে সকল শিক্ষার্থীকে গাইড শিক্ষকের যৌথ উদ্যোগে ফলাফল উন্নয়নের চেষ্টা । অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করে বিশেষ বিশেষ ব্যাচ তৈরি করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে ভালো ফলাফলের পাশাপাশি বুয়েট, মেডিকেল এবং দেশের নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বেসরকারি মেডিকেল ও বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার হার সন্তোষজনক হারে বৃদ্ধি পাচ্ছে। উচ্চ শিক্ষায় ভর্তিকৃত কৃতী-শিক্ষার্থীদেরকে বৃহৎ আয়োজনের মাধ্যমে সংবর্ধিত করে নবীনদের উৎসাহ-উদ্দীপনা প্রদান করা হয় ।

প্রিয় অভিভাবক, অনেক স্বপ্ন নিয়ে আপনার সন্তান কে অত্র কলেজে পাঠিয়েছেন,আমাদের লক্ষ্য শুধুমাত্র পরীক্ষায় ভালো ফল নয়- বরং এমন শিক্ষার্থী গড়ে তোলা, যারা মানবিক, সচেতন, চিন্তাশীল,তথ্যনির্ভর- প্রযুক্তি-সক্ষম এবং মূল্যবোধে দৃঢ়।ছাত্র - ছাত্রী  নির্বিশেষে সকল শিক্ষার্থী যেন নিজের মেধা, মনন ও নেতৃত্ব বিকাশের সুযোগ পায়- সে চেষ্টায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

 

প্রিয় শিক্ষার্থীরা,

জীবন চলার পথে জ্ঞানই সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী।তোমরা যেন আলো হয়ে উঠো, সত্যের পথ দেখাও-এই বিশ্বাসে, এই আশায়, আমরা তোমাদের পাশে আছি।

আসুন, ছাত্র- শিক্ষক- অভিভাবক সকলে মিলে একসাথে গড়ি একটি আলোকিত ভবিষ্যৎ।

 

ধন্যবাদান্তে

প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া